মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গণমাধ্যম প্রাথমিকভাবে বলছে, সাইবার হামলার ফলে বিস্ফোরণটি ঘটেছে।
শনিবার (১ মে) ভোররাতে দেশটির হাইফা নগরীর বাযান তেল শোধনাগারে দুর্ঘটনাটি ঘটে। খবর জেরুজালেম পোস্ট ও তেহরান টাইমসের।
তেল শোধনাগারের জরুরি বিভাগের কর্মীরা প্রথমে আগুন নেভাতে শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ডাকা হয়।
তবে, ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ লাইন ভেঙে গেছে।
এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভয়াবহ এই ঘটনায় শোধনাগারের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শোধনাগার থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে।